ভারতের টেস্ট দল থেকে বাদ পূজারা, বিশ্রামে শামি


           টেস্ট দল থেকে বাদই পড়লেন পূজারা

ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন যশশ্বী জয়সোয়াল, রুতুরাজ গায়কোয়াড় ও মুকেশ কুমার। বাদ পড়েছেন পেসার উমেশ যাদবও; প্রায় আড়াই বছর আগে টেস্ট খেলা নবদীপ সাইনিকে রাখা হয়েছে দলে। আরেক পেসার মোহাম্মদ শামিকে দেওয়া হয়েছে বিশ্রাম। গায়কোয়াড় ও মুকেশ আছেন ওয়ানডে দলেও। ৫০ ওভারের দলে ডাকা হয়েছে সঞ্জু স্যামসনকেও।


আগামী মাসে হতে যাওয়া দুই সংস্করণের জন্য দুটি আলাদা দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রায় ১৫ মাস পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে দলে ফেরা রাহানেকে এবার করা হয়েছে সহ-অধিনায়ক। যশপ্রীত বুমরা, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার এখনো চোট থেকে সেরে ওঠেননি। পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে আছেন সড়ক দুর্ঘটনায় পড়ে লম্বা সময়ের জন্য বাইরে চলে যাওয়া ঋষভ পন্তও।

Comments