এমবাপ্পেকে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার পরামর্শ মেসিরও


 পিএসজিতে দুই মৌসুম জুটি বেঁধে খেলেছেন তাঁরা। গভীর বন্ধুত্ব না থাকলেও তাঁদের মাঝে যে বৈরিতা নেই, তা বিভিন্ন সময় দুজনের কথাতে স্পষ্ট। বলা হচ্ছে, লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের কথা। বিশ্বকাপ ফাইনালের পর দুজনের বৈরিতা নিয়ে অনেক খবর শোনা গিয়েছিল। তবে সেসব যে সত্যি নয়, তা স্পষ্ট হয় মেসি পিএসজি ছাড়ার পর এমবাপ্পের দেওয়া বক্তব্যে। সে সময় এমবাপ্পে বলেছিলেন, পিএসজিতে মেসি প্রাপ্য সম্মান পাননি।


এখন যখন এমবাপ্পের দলবদল নিয়ে নানা ধরনের গুঞ্জন, পিএসজি ছাড়ার আগে তাঁকে দেওয়া মেসির পরামর্শের কথা সামনে এসেছে। মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম দেফেনসা সেন্ট্রাল এক প্রতিবেদনে আর্জেন্টাইন মহাতারকার মন্তব্যটি প্রকাশ করেছে। ক্লাব ছাড়ার আগে মেসি নাকি এমবাপ্পেকে বলেছেন, তাঁকে তিনি বার্সেলোনায় দেখলে খুশি হবেন। কিন্তু এমবাপ্পে যদি চান, তবে তিনি রিয়ালেও যেতে পারেন। অর্থাৎ এমবাপ্পের উদ্দেশে মেসির বার্তাটা পরিষ্কার, পিএসজি ছাড়ো, এরপর যেখানে খুশি যাও!

Comments